দেশজুড়ে

মুন্সিগঞ্জে খুন, নিউইয়র্কে আদালতে একজনের ১৫ বছরের সাজা
মুন্সিগঞ্জে খুন, নিউইয়র্কে আদালতে একজনের ১৫ বছরের সাজা

মুন্সিগঞ্জের একটি খুনের ঘটনায় যুক্তরাষ্ট্রে আদালতে একজনকে ১৫ বছরের সাজা দেয়া হয়েছে। খুনের ঘটনাটি পাঁচ বছর আগের। সাজাপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে নিহতের ভাতিজা হন।   বৃহস্পতিবার (৭ মে) মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।   জানা যায়, নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা ৫৪ বছর বয়সী গ্যানেট রোজারিওকে ১৫ বছরের কারাদণ্ড দেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত। নিহত এবং সাজাপ্রাপ্ত দুজনই মার্কিন নাগরিক।   ঢাকার মার্কিন দূতাবাসে নিযুক্ত এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাশে এবং বিচার বিভাগের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই মামলায় গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।   আদালতের নথি ও জবানবন্দিতে উল্লেখ করা হয়, গ্যানেট রোজারিও বাংলাদেশে তাঁর চাচা মাইকেল রোজারিওকে শটগান দিয়ে গুলি করে হত্যা করেন। মুন্সিগঞ্জে পারিবারিক বসতভিটা নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল। ২০২১ সালে বাংলাদেশে এসে তাঁরা দুজনই একটি বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে ঘটনাটি ঘটে।   জানা যায়, ২০২১ সালের ১১ জুন সন্ধ্যায় গ্যানেট নিজেদের ঘরের বাইরে চাচার শোবার ঘরের জানালার কাছে সিগারেট খাচ্ছিলেন। এ সময় তিনি ঘরের ভেতর থেকে চাচাকে তাঁকে নিয়ে গালমন্দ করতে শোনেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি জানালা দিয়ে মাইকেল রোজারিওকে গুলি করেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। ২০২৩ সালের জুলাই মাসে গ্যানেট যুক্তরাষ্ট্রে ফিরে যান এবং ২০২৪ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করা হয়।

মে ৯, ২০২৬ 0
পুলিশ কর্মকর্তার ঘুষ কেলেঙ্কারির অডিও ভাইরাল
পুলিশ কর্মকর্তার ঘুষ কেলেঙ্কারির অডিও ভাইরাল

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চোরাই পথে আনা ভারতীয় প্রসাধনী জব্দ ও দুই যুবক আটকের পর রফাদফার জন্য ঘুষ নিয়ে দর–কষাকষির অভিযোগে মো. আবু হানিফা নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ।   এদিকে ঘুষ নিয়ে দর–কষাকষিসংক্রান্ত দুটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।   বুধবার (৬ মে) রাত ১০টার পর অডিও দুটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে রাত ১১টার দিকে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গে এসআই আবু হানিফাকে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।   জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি পিকআপ থেকে ১৮ বস্তা ভারতীয় প্রসাধনী জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে ছিল বডি স্প্রে, শ্যাম্পু ও অলিভ অয়েল। এ সময় পিকআপের চালক নাজিরপুরের শিংপুর গ্রামের নাছিম (২৩) ও তার সহকারী সেইচাহানি গ্রামের মনির হোসেনকে (২১) আটক করা হয়।   পরে এ ঘটনায় উপজেলার রাজনগর গ্রামের জসিম উদ্দিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়। জসিমকে চোরাই পণ্যের মূল হোতা হিসেবে উল্লেখ করেছে পুলিশ।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি অডিওতে এসআই আবু হানিফা ও জসিম উদ্দিনের কথোপকথন শোনা যায় বলে দাবি করা হচ্ছে। প্রথম অডিওটির দৈর্ঘ্য ৫ মিনিট ২৩ সেকেন্ড। এতে জসিমকে বলতে শোনা যায়, স্যার, আপনাকে ৮০ হাজার টাকা দেব। আপনি আমাকে মামলা দেবেন না। শুধু দুই বস্তা মাল আটক দেখাবেন। জবাবে এক ব্যক্তিকে (যাকে এসআই আবু হানিফা বলে দাবি করা হচ্ছে) বলতে শোনা যায়, না ভাই, যা বলছি তার কম হবে না। আপনি তিন লাখ টাকা দেন। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি বলেন, এক লাখ টাকা দেব। ওসি স্যার কিন্তু বিপক্ষে যাবে না। ওসি স্যার বলছেন, যেহেতু আমাকে জানিয়ে আপনারা করেছেন, দারোগার সঙ্গে কথা বলেন।   রাত ১টা ৪১ মিনিটে রেকর্ড করা বলে দাবি করা দ্বিতীয় অডিওটির দৈর্ঘ্য ৩ মিনিট ১২ সেকেন্ড। এতে ওই পুলিশ কর্মকর্তা বলে দাবি করা ব্যক্তিকে বলতে শোনা যায়, আপনি যা করবেন, তাড়াতাড়ি করেন। আমি এখন ভবানীপুর ব্রিজ পার হচ্ছি- আপনার জন্য আমি ছাড় দিলাম, আড়াই লাখ টাকা নিয়ে আসেন। এর জবাবে জসিমকে বলতে শোনা যায়, আমি কষ্ট করে হলেও আপনাকে দুই লাখ টাকা দিচ্ছি। আমাকে একটু সময় দেন।   একপর্যায়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, দেইখেন, হোয়াটসঅ্যাপে কথা অন্য ফোনে রেকর্ড করা যায়, এটা করবেন না।   ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।   এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত এসআই আবু হানিফা ও জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।   কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি পুলিশ সুপার স্যার দেখছেন। এসআই আবু হানিফাকে প্রত্যাহার করা হয়েছে। চোরাই পণ্যের মালিক জসিম মিয়াকে আটকের চেষ্টা চলছে।   নিজের সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে আমি জড়িত নই।

মে ৭, ২০২৬ 0
আমির হামজাকে দেখে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান, অতঃপর...
আমির হামজাকে দেখে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান, অতঃপর...

কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজা।    বৃহস্পতিবার (৭ মে) আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই দাবি করা হয়েছে।    পেজে অ্যাডমিনের দেওয়া পোস্টে লেখা হয়েছে, ‘কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মী।’   কলেজ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন আমির হামজা। এ সময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে টুর্নামেন্টের উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে ওই শিক্ষার্থীরা সেখানে গিয়েও আমির হামজাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন এবং তারা মাঠের মধ্যে বসে পড়েন। এই পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান।   শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়েও একইভাবে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ অধ্যক্ষের কার্যালয়ে যান। এ সময় এমপি আমির হামজা পুলিশের সঙ্গে বেরিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।   এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান তিনি। এ সময় তিনি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপ করতে দেখেন। তবে আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করেন ওসি।

মে ৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
মৌমাছির আক্রমণে জামায়াতের তিন নেতাকর্মী আহত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির আকস্মিক আক্রমণে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।  সোমবার (৪ মে) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন—বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে যোগ দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই তিনজন। পথে বীরহিম গ্রামের রব্বানি মিয়ার বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ করে মৌমাছির একটি ঝাঁক তাদের ওপর আক্রমণ চালায়।  এতে তারা মোটরসাইকেল থামিয়ে দ্রুত পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করলেও ততক্ষণে তারা আহত হন। ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম বলেন, হঠাৎ করে মৌমাছির ঝাঁক এসে তাদের ওপর পড়ে। তারা দিশেহারা হয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের মধ্যে দুজনকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়া হয়। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফারহানা বিনতে ফারুক জানান, আহতদের মধ্যে তোজাম্মেল মিয়াকে প্রায় ৪০টির মতো ভিমরুলে কামড় দিয়েছে, যা তাকে গুরুতর অবস্থায় ফেলেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে পাঠানো হয়েছে। অপর আহত সামিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ফিরোজ হোসেন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, মৌমাছি বা ভিমরুলের এমন আক্রমণ হঠাৎ ঘটলেও তা খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে, বিশেষ করে একসঙ্গে ঝাঁক বেঁধে আক্রমণ করলে।

মে ৫, ২০২৬ 0
দেশজুড়ে আবহাওয়ার বিশেষ সতর্কতা
দেশজুড়ে আবহাওয়ার বিশেষ সতর্কতা

রাজধানীসহ দেশের আটটি বিভাগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।   আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বুধবার (২৯ এপ্রিল) জানান, এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এতে জনজীবনে সাময়িক ভোগান্তি তৈরি হতে পারে।   তিনি আরও বলেন, দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। পাশাপাশি মাছধরার ট্রলার ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।   আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ দিন দেশে বৃষ্টি, বজ্রপাত এবং কালবৈশাখী ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে ৫ মে’র পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।   এই পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলার এবং নৌযান চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এপ্রিল ৩০, ২০২৬ 0
টানা বৃষ্টিতে পানির নিচে কৃষকের স্বপ্ন
টানা বৃষ্টিতে পানির নিচে কৃষকের স্বপ্ন

টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর নদ-নদীর পানি বৃদ্ধিতে দেশের বিস্তীর্ণ কৃষি অঞ্চল এখন ভয়াবহ বিপর্যয়ের মুখে। যেখানে কিছুদিন আগেও সোনালি ধানের স্বপ্নে ভরেছিল কৃষকের মাঠ, সেখানে এখন থইথই করছে পানি। বছরের পর বছর ধারদেনা করে করা পরিশ্রম এক নিমিষেই ভেসে যাচ্ছে হাওড়-বাঁওড়ের পানিতে।   নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অঞ্চল থেকে শুরু করে রংপুর ও দিনাজপুর পর্যন্ত বিভিন্ন জেলায় একযোগে দেখা দিয়েছে এই দুর্যোগ। কালবৈশাখী ঝড়ে বহু এলাকায় ঘরবাড়ি ও বিদ্যুৎ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বজ্রপাত ও দেয়াল ধসে বিভিন্ন জেলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।   আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশজুড়ে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র ইতোমধ্যে কয়েকটি জেলায় বন্যার সতর্কতা জারি করেছে।   নেত্রকোনার হাওড়াঞ্চলে বৃষ্টির সঙ্গে উজানের ঢল মিলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। অনেক জায়গায় পাকা ধান পানিতে তলিয়ে গেছে, আবার যেসব ধান কাটা হয়েছে সেগুলোও শুকানোর সুযোগ না থাকায় নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। স্থানীয় কৃষকরা বলছেন, কয়েক দিনের ব্যবধানেই তাদের সারা বছরের স্বপ্ন শেষ হয়ে গেছে।   একই চিত্র হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জেও। অনেক কৃষক শ্রমিক সংকট ও টানা বৃষ্টির কারণে ধান কাটতে না পেরে অসহায় অবস্থায় পড়েছেন। কোথাও কোথাও শ্রমিক পাওয়া গেলেও অতিরিক্ত খরচ ও আবহাওয়ার কারণে ধান ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে।   হাওড়ের ফসল রক্ষা বাঁধ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বিভিন্ন এলাকায় বাঁধ দুর্বল হয়ে পড়ায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে তা রক্ষার চেষ্টা করছেন। প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরুরি পরিস্থিতিতে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি রাখা হয়েছে।   অন্যদিকে নদীভাঙন ও পানির চাপের কারণে নৌরুটে ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। একাধিক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ের প্রভাবে।   কৃষি কর্মকর্তারা বলছেন, হাজার হাজার হেক্টর জমির ধান ইতোমধ্যে পানিতে ডুবে গেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এবার কৃষিখাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে মাঠপর্যায়ে দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে, যদিও বাস্তবতা ভিন্ন—বৃষ্টি, পানি আর শ্রমিক সংকটে অনেক কৃষকই অসহায় হয়ে পড়েছেন।   সব মিলিয়ে দেশের কৃষক সমাজ এখন এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে—যেখানে মাঠে শুধু পানি, আর মানুষের চোখে ভেসে বেড়াচ্ছে হারানো স্বপ্ন।

এপ্রিল ৩০, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ!

রাজশাহীর চারঘাটে স্বামীকে পিটিয়ে আহত করে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই দম্পতি ট্রেনে ও স্টেশনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাতে উপজেলার শলুয়া ইউনিয়নের সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।   এ ঘটনায় ভিকটিমের স্বামী বুধবার দুপুরে অভিযুক্ত আশরাফুল ইসলামকে (৩৫) আসামি করে থানায় মামলা করেছেন। অভিযুক্ত আশরাফুল উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই তিনি পলাতক আছেন। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই দম্পতি প্রতিদিনের মতোই মঙ্গলবার বিকালে ট্রেনে পপকর্ন বিক্রির উদ্দেশে বাড়ি থেকে বের হন। দিনভর বিভিন্ন স্টেশনে পপকর্ন বিক্রির পর তারা রাত ১টার দিকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে তারা বিস্কুট খাচ্ছিলেন।  এ সময় হঠাৎ এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারী প্রথমে স্বামীকে এলোপাতাড়ি লাঠিপেটা করে গুরুতর আহত করে তার কাছ থাকা পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে হামলাকারীরা তাকে আহত করে বেঁধে রেখে তার স্ত্রীকে স্টেশনের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী স্বামী বলেন, হামলার সময় তিনি চিৎকার করলেও আশপাশে কেউ এগিয়ে আসেনি। প্রায় ৪৫ মিনিট পর স্থানীয় কয়েকজন তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়দের কাছ থেকে তিনি অভিযুক্তের নাম-পরিচয় জানতে পারেন।  সরদহ স্টেশন মাস্টার ইকবাল কবির বলেন, গভীর রাতে স্টেশনের পাশে ঘটনাটি ঘটলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি তাদের নজরে আসেনি। পরে খবর পেয়ে পুলিশকে জানানো হয়। জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। চারঘাট থানার ওসি আব্দুল মালেক বলেন, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এছাড়া ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 

এপ্রিল ২৯, ২০২৬ 0
এসএসসি পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ে এসএসসি পরীক্ষার্থী আহত
এসএসসি পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ে এসএসসি পরীক্ষার্থী আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন একটি কেন্দ্রের কক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে।   রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মদন মোহন বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নিয়ামুল হাসান দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র।   প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলার সময় হঠাৎ করে কক্ষের একটি সিলিং ফ্যান খুলে পরীক্ষার্থীর ওপর পড়ে যায়। এতে সে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পায়। ঘটনাটির পরপরই কক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়। পরে দ্রুত মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে সে পুনরায় পরীক্ষায় অংশ নেয়। চিকিৎসাজনিত কারণে অতিরিক্ত ৩০ মিনিট সময়ও তাকে দেওয়া হয়।   স্থানীয়দের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জামের জরুরি সংস্কার না হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে।   বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম। তিনি জানান, শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে ঘটনাটি পর্যালোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রের কিছু কক্ষের বৈদ্যুতিক সরঞ্জাম পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এপ্রিল ২৭, ২০২৬ 0
গরমে হাঁসফাঁস করছে মানুষ, লাগামহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
গরমে হাঁসফাঁস করছে মানুষ, লাগামহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

তীব্র গরম আর অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের প্রখর রোদ আর রাতের গরম—দুই সময়েই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মানুষ হাঁসফাঁস করছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। এমনকি ছুটির দিনেও পরিস্থিতির উন্নতি হয়নি—শনিবার দুপুরেই প্রায় ২ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা গেছে। অথচ সংশ্লিষ্টদের মতে, এই সংকটের পেছনে বড় কারণ হিসেবে উঠে আসছে ব্যবস্থাপনার দুর্বলতা ও বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব।   বিদ্যুৎ খাতের ভেতরের চিত্র আরও জটিল। বিপুল পরিমাণ বকেয়া—প্রায় ৪২ হাজার কোটি টাকার দায়—পরিশোধ করতে না পারায় অনেক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি কিনতে পারছে না। অন্যদিকে ভর্তুকির অর্থ ছাড়ের ক্ষেত্রে নতুন নতুন শর্ত আরোপ করে অর্থ বিভাগ জটিলতা বাড়িয়েছে। ফলে বিদ্যুৎ বিভাগ ও অর্থ বিভাগের মধ্যে এক ধরনের অঘোষিত টানাপোড়েন তৈরি হয়েছে, যার প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের ওপর।   বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে সাময়িক স্বস্তি দিতে পারে বৃষ্টি, কারণ এই তীব্র গরমে বিদ্যুতের চাহিদা যেভাবে বেড়েছে, সে তুলনায় প্রস্তুতি ছিল অপর্যাপ্ত। অনেক আগেই সম্ভাব্য সংকটের সতর্কবার্তা দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।   তথ্য বলছে, দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কাগজে-কলমে প্রায় ২৮ হাজার মেগাওয়াট হলেও বাস্তবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। শনিবার দুপুরে যেখানে চাহিদা ছিল প্রায় ১৪ হাজার ৫৭৪ মেগাওয়াট, সেখানে সরবরাহ করা গেছে মাত্র ১২ হাজার ২৮৭ মেগাওয়াট। ফলে বড় ধরনের ঘাটতি থেকেই যাচ্ছে। ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমে যাওয়া এবং কিছু কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকাও সংকট বাড়িয়েছে।   গ্যাস সরবরাহের ঘাটতিও বড় একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর সক্ষমতা থাকলেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় উৎপাদন অনেক কমে গেছে। একইভাবে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও জ্বালানি সংকট ও আর্থিক জটিলতায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কিছু কেন্দ্র আংশিক সক্ষমতায় চলছে, আবার কিছু ক্ষেত্রে বকেয়া বিল ও সরবরাহ সমস্যায় উৎপাদন পুরোপুরি স্বাভাবিক করা যাচ্ছে না।   এদিকে বিদ্যুৎ খাতে ভর্তুকি নিয়ে জটিলতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। অর্থ বিভাগ নির্দিষ্ট শর্ত পূরণের আগে অতিরিক্ত অর্থ ছাড় দিতে অনাগ্রহী, অন্যদিকে বিদ্যুৎ বিভাগ বলছে বকেয়া পরিশোধ না করলে উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব নয়। এই অবস্থায় দুই পক্ষের মধ্যে চিঠি চালাচালি চললেও ভোগান্তি কমছে না মানুষের।   সব মিলিয়ে বাড়তি চাহিদা, জ্বালানি ঘাটতি, আর্থিক সংকট ও প্রশাসনিক সমন্বয়হীনতার সমন্বয়ে দেশের বিদ্যুৎ পরিস্থিতি চাপে রয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনে এই সংকট আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এপ্রিল ২৬, ২০২৬ 0
বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার
বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত দেলোয়ার হোসেন কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্মরত।   ঘটনার পর তাকে গ্রেপ্তার করে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে সোনাইমুড়ী উপজেলার পশ্চিম মির্জানগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।   এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী গত ২০ এপ্রিল আদালতে দুইজন শিক্ষকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অপর আসামি শংকর চন্দ্র মজুমদার (৪৮), যিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এছাড়া আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।   পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান।

এপ্রিল ২৬, ২০২৬ 0
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত কাজের কারণে সুনামগঞ্জের দিরাই উপজেলায় শনিবার (২৫ এপ্রিল) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকাতেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।   বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে জানানো হয়, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।   তবে কাজ আগেই শেষ হলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।   অন্যদিকে, সিলেট নগরীতেও একই দিনে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ–২ জানায়, পাঠানটুলা ১১ ফিডার এবং বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন একাধিক এলাকায় লাইনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ চলবে।   এই সময় পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। একইভাবে লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আলমদিনা টাওয়ার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা ও লেকসিটি এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।   কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।

এপ্রিল ২৫, ২০২৬ 0
ভারতীয় সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
ভারতীয় সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশিকে আটক করেছে।   রোববার (১৯ এপ্রিল) দুপুরে যাদবপুর সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।   আটকরা হলেন— কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (১৫), পার-গোপালপুরের বাক্কা হোসেনের ছেলে সোহাগ হোসেন (২৭) এবং একই গ্রামের গনি মন্ডলের ছেলে শাহিন (২২)।   বিজিবির তথ্য অনুযায়ী, তারা ভারত থেকে মাদক নিয়ে দেশে ফেরার সময় বিএসএফের হাতে ধরা পড়ে। আগের দিন অবৈধ পথে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহ করে ফেরার পথে সীমান্ত পিলার ৪৯/২-এস এর প্রায় ১০০ মিটার ভেতরে ভারতের অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।   বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।   এদিকে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তিন বাংলাদেশিকে আটক করেছে বলে তারা জানতে পেরেছেন।

এপ্রিল ২০, ২০২৬ 0
বজ্রপাতে ছয় জেলায় ১২ জনের মৃত্যু
বজ্রপাতে ছয় জেলায় ১২ জনের মৃত্যু

ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।    সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে। জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়। এ ছাড়াও রংপুরে দুইজন, ময়মনসিংহে দুইজন, নেত্রকোণায় একজন ও হবিগঞ্জে একজন ও কিশোরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর—   সুনামগঞ্জ সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ ঘটনা ঘটে।   নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৩) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮)।   স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কৃষকরা হাওরে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়। একই সঙ্গে শুরু হয় বজ্রপাত। তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাত ঘটলে আবুল কালাম নামে এক কৃষক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।    একই সময়ে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নাজমুল হোসেন নামে এক কৃষক নিহত হন। তিনি চানপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী।   ধর্মপাশা উপজেলায় পৃথক দুটি ঘটনায় হাবিবুর রহমান ও রহমত উল্লাহ নামে দুই কৃষক নিহত হন। হাবিবুর রহমান পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের বাসিন্দা এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রহমত উল্লাহ জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা।   এছাড়াও দিরাই উপজেলার কালিয়াগোটা (আতরার) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক লিটন মিয়া গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।    রংপুর রংপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।  শনিবার সকালে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামে এ ঘটনা ঘটে।    নিহতরা হলেন- ওই এলাকার মৎসজীবী মিলন মিয়া (৩৫) ও কৃষক তালেব উদ্দিন (৪৫)।   স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, সকালে ওই এলাকায় বৃষ্টি হয়। এ সময় ওই এলাকার ছোট শালমারা বিলে মাছ ধরছিলেন মৎসজীবীরা। তা দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় শিশুসহ ১৫-২০ জন।  একজন আরেকটি পুকুরে পানা তোলার কাজ করছিলেন। এর মধ্যে বৃষ্টির সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিন শিশুসহ অন্তত ১১ জন আহত হন। তাদেরকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৎসজীবী মিলন মিয়া ও কৃষক তালেব উদ্দিন। কৃষক তালেব ঘটনার সময় আরেকটি পুকুরে পানা তোলার কাজ করছিলেন।    মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে যখন আনা হয় তখনই আমরা দুইজনকে মৃত অবস্থায় পাই।    ময়মনসিংহ ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় এ ঘটনা ঘটে।   নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামের ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জল (৩০) এবং গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মৃত সেকান্দর আলী খানের ছেলে মমতাজ আলী খান (৫৮)।   স্থানীয় সূত্রে জানা যায়, রহমত আলী উজ্জল পেশায় একজন মুদি দোকানি ছিলেন। দুপুরে বজ্রপাতের সময় তিনি বোন জামাইয়ের ধানক্ষেত দেখতে পূর্ব কোনাপাড়া গ্রামে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।   গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।   অন্যদিকে গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের বাসিন্দা মমতাজ আলী খান জোহরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বজ্রপাতে মমতাজ আলী খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।   নেত্রকোণা নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামের এক কৃষকের মৃত্যু। শনিবার দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষির হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। আলতু মিয়া হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।   স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে গ্রামের সামনের মেষি হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে যান আলু মিয়া। এর কিছুক্ষণ পর আকাশ অন্ধকার করে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাত ও বৃষ্টি শেষ পর স্থানীয় বাসিন্দারা হাওরে গিয়ে আলতু মিয়ার নিহর দেহ পরে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসেন।   আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।   হবিগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভাকৈর পূর্ব ইউনিয়নের মমিনা হাওরে এ ঘটনা ঘটে। নিহত সুনাম উদ্দিন একই ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা।   পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্গা নেওয়া বোরো জমিতে ছেলে নুরুজ্জামান মিয়াকে (২৫) নিয়ে ধান কাটছিলেন সুনাম উদ্দিন। কাটা ধান ছেলেকে দিয়ে বাড়ি পাঠাচ্ছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের শ্রমিকরা তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেন।    ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জুয়েল মিয়া বলেন, সুনাম উদ্দিন চার ছেলেকে নিয়ে বর্গা জমিতে চাষ করতেন। সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার সময় তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।   কিশোরগঞ্জ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে হলুদ মিয়া (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।   নিহত হলুদ মিয়া উপজেলার ৯ নম্বর জয়কা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাবাগ গ্রামের বাসিন্দা। তিনি নুরুল ইসলামের ছেলে।   স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বড় হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন হলুদ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।   করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এপ্রিল ১৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগমুহূর্তে উপস্থিত প্রথম স্ত্রী, অতঃপর...

গোপনে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগমুহূর্তে প্রথম স্ত্রী ও তার লোকজন বরের বাড়িতে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪-৫ জন আহত হন।  শনিবার (১৮ এপ্রিল) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে এ ঘটনা ঘটে।   জানা গেছে, ২০২৪ সালের ১৪ আগস্ট চরমথুরা গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে মহিম উদ্দিন রুবেলের সঙ্গে দক্ষিণ চরবড়ালি গ্রামের আবদুস ছোবহানের মেয়ে রিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর রুবেল প্রবাসে চলে যান। কয়েক মাস পূর্বে তিনি দেশে ফিরে আসেন এবং একপর্যায়ে স্ত্রী রিমা আক্তারের শারীরিক অক্ষমতার কথা উল্লেখ করে গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে তাকে তালাক দেন।  এরপর শনিবার (১৮ এপ্রিল) রুবেলের পুনরায় বিয়ের দিন ধার্য করে তার পরিবার। এ সংবাদ পেয়ে রুবেলের আগের স্ত্রী রিমা আক্তার ও তার পরিবারের সদস্যরা রুবেলের বাড়িতে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে ঝগড়ার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ৪-৫ জন আহত হন।  রিমা আক্তার বলেন, রুবেল দেশে ফিরে আমাকে তাদের বাড়ি নিয়ে আসে। গত তিন মাস পূর্বে আমাকে বাবার বাড়িতে রেখে এসে আর খোঁজখবর নেয়নি। শুনেছি তিনি আমাকে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন, যা সঠিক নয়। আজ শনিবার তিনি আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি নেয়। এরপর আমি ও আমার পরিবারেরর সদস্যরা এলে তারা আমাদের ওপর হামলা করে। এ সময় আমাদের বেশ কয়েকজনকে বেধড়ক পিটিয়ে আহত করে।  মহিম উদ্দিন রুবেল বলেন, রিমা শারীরিকভাবে অক্ষম। তাই আমি গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে তাকে তালাক দিয়েছি। আজকে পুনরায় বিয়ে করতে রওনা হওয়ার আগমুহূর্তে তারা আমাদের বাড়িতে এসে হামলা করে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হন। এদিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন।   

এপ্রিল ১৮, ২০২৬ 0
মো. ইমরান হাসান। ছবি: সংগৃহীত
আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এএসআইকে গণপিটুনি

ফরিদপুরের সালথায় এক আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছেন মো. ইমরান হাসান (৪০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।  শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  গভীর রাতে আসামির স্ত্রীর ঘর থেকে হাতেনাতে আটকের পর উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আহত এএসআই ইমরান সালথা থানায় কর্মরত এবং ওই ইউনিয়নের সহকারী বিট কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন।  এ ঘটনার ১ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে ওই পুলিশ কর্মকর্তা দাবি করেন, তিনি আসামি ধরতে সেখানে গিয়েছিলেন। আর মাদক মামলার আসামির পরিবার ও স্থানীয়দের দাবি এটি পরকীয়ার ঘটনা। ওই ভিডিওতে দেখা যায়, এএসআই ইমরানের গায়ে পুলিশের পোশাক নেই। তিনি প্যান্ট ও টি-শার্ট পরা। তার মাথা কাপড় দিয়ে বাঁধা। মুখে রক্ত মাখা। গভীর রাতে নারীর ঘরে একা ঢুকে পরকীয়ার অভিযোগ তুলে কোনো এক ব্যক্তি তার গায়ে আঘাত করছেন।  তখন ইমরানকে বলতে শোনা যায়, তুই আমার ভাই না, মারিস কেন? পরে ইমরানের পকেট থেকে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেট পাওয়া যায় বলে দাবি করেন ভিডিও ধারণকারী ওই ব্যক্তি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বলিভদ্রদিয়া এলাকার মো. মেহেদী হাসান (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে সালথা ও পার্শ্ববর্তী বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। মামলার সুবাদে ইমরান হাসান আসামি মেহেদী হাসানের বাড়িতে ঘনঘন যাওয়া-আসা করতেন। যার পরিপ্রেক্ষিতে মেহেদীর স্ত্রীর সঙ্গে ইমরানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে আসামি মেহেদী হাসানের বসতঘরে ঢুকে তার স্ত্রীর সঙ্গে একা দেখা করতে গেলে এলাকার লোকজনের হাতে ধরা পড়ে মারধরের শিকার হন। খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইমরান হাসানকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  এ বিষয়ে এএসআই ইমরান হাসানের দাবি, তিনি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেখানে গিয়েছিলেন। তবে সাদা পোশাকে রাত ৩টার সময় আসামিকে একা ধরতে যাওয়ার ব্যাখ্যা দিতে তিনি রাজি হননি। আসামি মেহেদী হাসান বলেন, আমি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ব্যবসায়িক কাজে আমি মাঝে মাঝে বাইরে থাকি। এ সুযোগে আমাদের ইউনিয়নে পুলিশের বিট অফিসার হিসেবে দায়িত্বে থাকা এএসআই ইমরান মাঝে মাঝে আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে কু-প্রস্তাব দেয়।  একপর্যায় আমি আমার স্ত্রীর সঙ্গে এএসআই ইমরানের কুরুচিপূর্ণ কথোপকথনের অডিও রেকর্ড ও ভিডিও ফুটেজ সংগ্রহ করি। এর মধ্যে শুক্রবার গভীর রাতে ইমরান আমাদের ঘরে ঢুকলে এলাকাবাসী হাতেনাতে ইমরানকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।  এ বিষয়ে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, মাদক মামলার আসামি ধরতে গেলে মাদক ব্যবসায়ী মেহেদীর পরিবার তাকে আটক করে মারধর করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  গভীর রাতে একা কেন মাদকের আসামি ধরতে গেলেন? এ প্রশ্নের উত্তরে ওসি বলেন, রাতের আঁধারে একা এবং পুলিশের পোশাক ছাড়া আসামির বাড়িতে কেন গিয়েছিলেন- বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

এপ্রিল ১৯, ২০২৬ 0
রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

নিজ নামে ইস্যুকৃত রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন সম্রাট বিশ্বাস নামে খুলনা রেলওয়ের এক পুলিশ কনস্টেবল। পরিবারের দাবি- দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি।  শনিবার (১৮ এপ্রিল) ভোরে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে অস্ত্রাগারে দায়িত্বরত অবস্থায় সম্রাট নিজের ইস্যুকৃত রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।  সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা থেকে আইনানুগ প্রক্রিয়া শেষে সম্রাটের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে আশপাশের এলাকা।  পরিবার সূত্রে জানা গেছে, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সম্রাট সবার ছোট। বড় বোন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ও ছোট বোন মাস্টার্সে অধ্যায়নরত। ২০১৮ সালে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পান সম্রাট। চাকরিরত অবস্থায় প্রেমে জড়িয়ে পড়েন সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত নারী কনস্টেবল পুঁজা দাশের সঙ্গে। ছয় মাস আগে পরিবারের সম্মতিতে রেজিস্ট্রি করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।  সামনের মাসে বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিল তাদের। কয়েকদিন ধরে দাম্পত্য কলহ চলছিল সম্রাট ও তার স্ত্রীর মধ্যে। গতরাতে স্ত্রীর সঙ্গে রাগারাগি হয় সম্রাটের। মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিলেন তিনি। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।  সম্রাটের মামা সত্যজিৎ রায় বলেন, আমরা খবর পেয়ে খুলনা গিয়ে আমার ভাগ্নের মরদেহ হাসপাতালে পড়ে থাকতে দেখি। ৬ মাস আগে আমাদের সে জানায় সাতক্ষীরা পুলিশে চাকরি করে এক মেয়েকে সে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। পরিবারের একমাত্র ছেলে বলে আমরা আর কিছু না ভেবে দুই পরিবার থেকে রেজিস্ট্রি করে বিয়ে দেই। বিয়ের পর থেকে পরিবারে সে এক টাকাও দিত না। সব বউ নিয়ে যেত।  তিনি আরও বলেন, ওর সহকর্মীদের কাছ থেকে জানতে পারি প্রতিদিনই ওদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। গতরাতে ফোনে দুজনের মধ্যে রাগারাগি হয়। এরপরই এ ঘটনা ঘটিয়েছে।  সম্রাটের দুলাভাই বিপ্লব কুমার সেন বলেন, আমার শালাবাবু মা-বাবার সঙ্গে কোনো ঝামেলা ছিল না। পরিবারের একমাত্র ছেলে বলে যা বলতো পরিবার তাই মেনে নিত। ওই মেয়েকে বিয়ে করতে চেয়েছে পরিবার তাই মেনে নিয়েছে। স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন যাবৎ ওর ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর কারণেই ও আত্মহত্যা করেছে। এছাড়া আমরা আর কোনো কারণ খুঁজে পাই না। ওর সহকর্মীরাও বলেছে গতরাতে ওদের মধ্যে ঝগড়া হয়েছিল। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর বিচার চাই।  খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান সাংবাদিকদের বলেন, সম্রাট বিশ্বাস আজ ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।  

এপ্রিল ১৮, ২০২৬ 0
জ্বালানি সংকটে ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ
জ্বালানি সংকটে ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

চট্টগ্রামে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। উৎপাদন কেন্দ্র চালু থাকলেও চাহিদা পূরণ করা যাচ্ছে না, ফলে নগরী থেকে গ্রাম—সবখানেই বেড়েছে লোডশেডিংয়ের দুর্ভোগ।   জানা গেছে, চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে বর্তমানে ৬টি বন্ধ রয়েছে। বাকি ২২টি সচল থাকলেও উৎপাদন কম হওয়ায় প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। নগর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), আর গ্রামাঞ্চলে দায়িত্বে রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)।   তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নগরীর অনেক এলাকায় একটানা এক ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। এতে বাসাবাড়িতে পানির সংকটও দেখা দিয়েছে, কারণ বিদ্যুৎ না থাকলে ওয়াসার পানি তোলা সম্ভব হচ্ছে না।   গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ। চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকায় দিনে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। কোথাও কোথাও ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাও বিদ্যুৎ মিলছে না। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি কৃষি ও সেচ কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।   বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, জ্বালানি সংকটের কারণে বেশ কয়েকটি কেন্দ্র বন্ধ রয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের একাধিক ইউনিট বন্ধ আছে, পাশাপাশি রাউজানের দুটি বড় কেন্দ্রও উৎপাদনের বাইরে। গ্যাসের চাপ কমে যাওয়া এবং জ্বালানি তেলের ঘাটতির কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোও পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না।   ১৫ এপ্রিলের হিসাব অনুযায়ী, চট্টগ্রামে অফ-পিক সময়ে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৩৮৫ মেগাওয়াট এবং পিক সময়ে ১৪৩৩ মেগাওয়াট। কিন্তু সরবরাহ ঘাটতির কারণে অফ-পিকে ১১১ মেগাওয়াট এবং পিক সময়ে প্রায় ১৭০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। বাস্তবে এই ঘাটতি ২০০ মেগাওয়াটেরও বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।   শিল্প খাতেও এর প্রভাব পড়েছে। বিভিন্ন শিল্পাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদন ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। জেনারেটর চালিয়েও পুরো পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা।   অন্যদিকে, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজের অজুহাতে কিছু এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হলেও ভুক্তভোগীদের দাবি, বাস্তবে এটি লোডশেডিংকেই ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।   বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সামনে আরও কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, যা সংকটকে আরও গভীর করতে পারে।

এপ্রিল ১৮, ২০২৬ 0
জমি নিয়ে বিরোধ, সালিশে মাকে পেটালো সন্তানরা
জমি নিয়ে বিরোধ, সালিশে মাকে পেটালো সন্তানরা

ফরিদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠকেই সৎ মাকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে তার সৎ ছেলেদের বিরুদ্ধে। গুরুতর আহত মনোয়ারা বেগম (৬০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।   রোববার রাত ১০টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাকে বাঁচাতে গিয়ে তার ছেলে আব্দুর রাজ্জাকও হামলার শিকার হন।   স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বসতভিটা ও সম্পত্তি নিয়ে মনোয়ারা বেগমের সঙ্গে তার সৎ ছেলে হিরু মাতুব্বর, রিপন মাতুব্বর ও ফিরোজ মাতুব্বরের বিরোধ চলছিল। এ নিয়ে আগের দিন বাকবিতণ্ডার পর বিষয়টি মীমাংসায় গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।   সালিশ চলাকালীন একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তরা মনোয়ারার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে রক্ষা করতে গিয়ে আব্দুর রাজ্জাকও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।   ঘটনার পর অভিযুক্ত তিনজনই পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।   পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীর পরিবারকে অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এপ্রিল ১৪, ২০২৬ 0
কুমিল্লার আদালতে প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, দুই কর্মচারীকে শোকজ
কুমিল্লার আদালতে প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, দুই কর্মচারীকে শোকজ

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের দুই কর্মচারীর বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযুক্তরা হলেন পেশকার রবিউল্লাহ ও অফিস সহায়ক ফারুক হোসেন। তাদের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।   ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আদালতের কক্ষেই এক আইনজীবী ফারুক হোসেনের হাতে টাকা তুলে দিচ্ছেন এবং বিনিময়ে তিনি মামলার একটি নথি প্রদান করছেন। একই ভিডিওতে পেশকার রবিউল্লাহকেও নিজের আসনে বসে এক ব্যক্তির কাছ থেকে একাধিকবার টাকা নিতে দেখা যায়। পরে তিনি সেই টাকা ড্রয়ারে রেখে দেন।   এ ঘটনা প্রকাশ্যে আসার পর আদালত অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই আদালতের মতো সংবেদনশীল স্থানে এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন।   ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। তারা লিখিত জবাবও জমা দিয়েছেন। তবে রোববার (১২ এপ্রিল) বিকেল পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।   এ বিষয়ে রবিউল্লাহ দাবি করেন, কে বা কারা ভিডিওটি ধারণ ও প্রচার করেছে তা তিনি জানেন না। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন বলেও জানান। অন্যদিকে ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।   নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনজীবী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ ছিল। ভিডিওটি প্রকাশ পাওয়ায় বিষয়টি এখন সবার সামনে এসেছে। আদালতের মর্যাদা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।   আদালত সূত্রে জানা যায়, রবিউল্লাহ দীর্ঘদিন ধরে একই আদালতে কর্মরত এবং বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে ফারুক হোসেনও কয়েক বছর ধরে এই আদালতে কাজ করছেন।   এ বিষয়ে আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে শোকজ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।   এদিকে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু বলেন, ভিডিওর বিষয়টি তার জানা আছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট আদালতের।

এপ্রিল ১৩, ২০২৬ 0
সুন্দরী টিকটকারের গোমর ফাঁস, মেকআপের আড়ালে লুকিয়ে ছিলেন ছাত্রদল নেতা
সুন্দরী টিকটকারের গোমর ফাঁস, মেকআপের আড়ালে লুকিয়ে ছিলেন ছাত্রদল নেতা

সোশ্যাল মিডিয়ায় নারী সেজে ভিডিও তৈরি করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।   তবে রেদোয়ান ইসলাম এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি লিঙ্গ পরিবর্তন করেননি; কেবল বিনোদনের উদ্দেশ্যে নারী সেজে টিকটক ভিডিও তৈরি করতেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।   রেদোয়ান ‘রিহিয়া রিহি’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে এক পোস্টে তিনি লেখেন, তার কিছু ভিডিও অনেককে কষ্ট দিয়েছে এবং তিনি বিষয়টি বুঝতে পেরে দুঃখ প্রকাশ করছেন। তিনি জানান, এসব কনটেন্ট শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল। ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন।   আরেকটি পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, তিনি ট্রান্সজেন্ডার নন এবং এ সংক্রান্ত প্রচারিত তথ্য সম্পূর্ণ গুজব। তিনি নিজেকে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। ইতোমধ্যে বিতর্কিত কনটেন্টগুলো সরিয়ে ফেলেছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন।   এছাড়া তিনি সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানান, কারণ এতে একজন মানুষের সম্মান ক্ষুণ্ন হতে পারে। ঘটনার পর তিনি তার টিকটক ও ইনস্টাগ্রাম আইডি ডিঅ্যাক্টিভেট করেছেন।   এ বিষয়ে রেদোয়ানের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ছেলে থেকে মেয়েতে রূপান্তরের বিষয়টি সম্পূর্ণ গুজব। তিনি জানান, রেদোয়ান ঢাকায় কিছু কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে মিলেই ভিডিও তৈরি করতেন। পরিবার থেকে এসব কাজে সমর্থন ছিল না বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর রেদোয়ান বাড়িতে নেই।   এর আগে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, কমিটি ঘোষণার আগে রেদোয়ান তার জীবনবৃত্তান্তে নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন।   তবে পরে জানা যায়, তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন এমন অভিযোগ উঠে, যা গোপন করার কারণে সাংগঠনিক সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।   ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে ব্যক্তিগত পরিচয়ের স্বাধীনতার দৃষ্টিতে দেখছেন, আবার কেউ তথ্য গোপনের বিষয়টিকেই মূল সমস্যা হিসেবে উল্লেখ করছেন।

এপ্রিল ৭, ২০২৬ 0
চিকিৎসক গেম খেলছেন, রোগী অপেক্ষায়—সামাজিকমাধ্যমে তীব্র সমালোচনা
চিকিৎসক গেম খেলছেন, রোগী অপেক্ষায়—সামাজিকমাধ্যমে তীব্র সমালোচনা

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করার সময় রোগী পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোবাইল ফোনে গেম খেলছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ক্ষোভের সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চিকিৎসক শামরিন সুলতানা তৃনা রোগী অপেক্ষায় থাকলেও মোবাইলে গেম খেলায় ব্যস্ত রয়েছেন।   মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভিডিওটি প্রকাশের পর থেকেই রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের অভিযোগ, রোগীর গুরুত্বপূর্ণ চিকিৎসা সিদ্ধান্ত যাদের হাতে, সেই চিকিৎসকদের এমন দায়িত্বহীন আচরণ অত্যন্ত উদ্বেগজনক।   নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী বলেন, “সরকারি হাসপাতালে এ ধরনের অবহেলা বরদাশতযোগ্য নয়। বেসরকারি ক্লিনিকে বাড়তি খরচ দিলেও যত্ন মেলে, কিন্তু সরকারি হাসপাতালে শুরুতেই এমন অবহেলা দেখা দিলে রোগীরা আশ্রয় নেবে কোথায়?”   এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনারুল কবির জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে। তিনি বলেন, “ডিউটির সময় মোবাইলে গেম খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে ইতোমধ্যে অফিসিয়ালি কৈফিয়ত তলব করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”   ঘটনার বিষয়ে জানতে চিকিৎসক শামরিন সুলতানা তৃনার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

ডিসেম্বর ১১, ২০২৫ 0
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

Top week

হয়ে গেল দেশের সবচেয়ে বড় গণিত উৎসব, সেরা গণিতবিদরা যাবে জাপান
শিক্ষা

হয়ে গেল দেশের সবচেয়ে বড় গণিত উৎসব, সেরা গণিতবিদরা যাবে জাপান

খাঁন ঈষিক হাসান মে ৭, ২০২৬ 0