আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতদিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) অফিস খোলা থাকবে। মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’–এর খসড়া অনুমোদন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নত করা, নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট–সুবিধা নিশ্চিত করা। এ ছাড়াও পাবলিক টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও স্থায়িত্বের জন্য কার্যকর ব্যবস্থাপনা মডেল এবং অর্থায়ন নিশ্চিত করা; নীতিমালার বাস্তবায়ন পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী এটিকে যুগোপযোগী করার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা। শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার-বিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। ভৌত অবকাঠামো সংক্রান্ত উন্নয়ন প্রকল্পসমূহে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করতে হবে। সকল টয়লেটের বর্জ্য সংরক্ষণের জন্য সেফটি ট্যাংক নির্মাণ আবশ্যক, কোনোভাবেই টয়লেটের বর্জ্যসমূহ যাতে নদী, খাল-বিলসহ অন্যান্য জলাশয়ে পতিত হয়ে পানি দূষণ ঘটাতে না পারে। টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সমন্বিতভাবে সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের কার্যক্রম গ্রহণ করবে। নীতিমালাটি বাস্তবায়নে মন্ত্রণালয় বা বিভাগভিত্তিক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।
রোগীর স্বাস্থ্যবিষয়ক তথ্য নিয়ে নাগরিকদের জন্য সরকারের ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) রাতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়াপ এক পোস্টে এ কথা জানান তিনি। সময়ের ধ্বনির পাঠকদের জন্য পোস্ট হুবহু তুলে ধরা হলো— থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। বিশেষ করে, পিতা-মাতা উভয়েই থ্যালাসেমিয়ার জিন-বাহক হলে তাঁদের সন্তানের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়। তাই জনসচেতনতা বৃদ্ধি, সময়োপযোগী পরীক্ষা এবং প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ জরুরি। এবারের থ্যালাসেমিয়া দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘আর আড়াল নয়: রোগ নির্ণয়হীনদের খুঁজে বের করি, অলক্ষ্যে থাকা রোগীদের সহায়তা করি’। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ দিবসটি থ্যালাসেমিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ এবং আক্রান্তদের প্রতি সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার জিন-বাহক বলে ধারণা করা হয়। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। জনস্বাস্থ্য রক্ষায় সরকার ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ এই নীতি অবলম্বন করেছে। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে এই নীতি সবচেয়ে বেশি কার্যকর। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জনমুখী ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোগীর স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে সরকার নাগরিকদের জন্য 'ই-হেলথ কার্ড' চালুর পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে। ‘ই-হেলথ কার্ড’ চালু হয়ে গেলে এই কার্ডের মাধ্যমেই নাগরিকগণ নিজেদের স্বাস্থ্য সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে সক্ষম হবেন। একইসঙ্গে একজন রোগী গ্রাম কিংবা শহর, যেখানেই চিকিৎসা গ্রহণ করুন না কেন, 'ই-হেলথ কার্ড'-এর মাধ্যমে চিকিৎসক সংশ্লিষ্ট রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য-তথ্য দ্রুত জানতে পারবেন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন, দুইজন থ্যালাসেমিয়া রোগীর মধ্যে দাম্পত্য সম্পর্ক না হলে থ্যালাসেমিয়া রোগের বিস্তার হয় না। সুতরাং, থ্যালাসেমিয়ার মতো দুরারোগ্য রক্ত রোগ প্রতিরোধে, বিশেষ করে থ্যালাসেমিয়ার জিন-বাহকদের মধ্যে বিবাহের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্র- সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি সরকারের পাশাপাশি সকল পেশাজীবী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম, অভিভাবক এবং সচেতন নাগরিক সমাজকে এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান জানাচ্ছি। আমি বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে আগামী ৭ জুন (রোববার) বিকেল ৩টায়। এটি হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন। এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর পরিচালক (গণসংযোগ) সাইদুজ্জামান সাঈদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। ১৪৩৩ বঙ্গাব্দের ২৪ জ্যৈষ্ঠ মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ৭ জুন রোজ রোববার বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের এটি দ্বিতীয় অধিবেশন এবং একইসঙ্গে এটি ২০২৬ সালের বাজেট অধিবেশন। এই অধিবেশনে আগামী অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন ও পাস করা হবে।
আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ পাঁচ হাজার মেগাওয়াট উন্নীত করার জন্য অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সংক্রান্ত কার্য-অধিবেশন শেষে একথা বলেন তিনি। জ্বালানিমন্ত্রী বলেন, অতি দ্রুত সোলারের মাধ্যমে আমাদের পাঁচ বছরে মিনিমাম পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্ল্যান আছে। সেটা বাস্তবায়নের জন্য ডিসি সাহেবদের প্রত্যেকটা অফিসে ও জেলার প্রত্যেকটা অফিসের রুফটপে (ছাদে সোলার প্যানেল) লাগানোর জন্য বলা হয়েছে। ‘আমাদের ক্যাবিনেট ডিভিশন থেকেও ডিসিদেরকে যা অর্থ দরকার, অর্থের জোগান দিয়েছে। তাদেরকে অতি দ্রুত দুই মাস, তিন মাসের মধ্যে এটা শেষ করার জন্য অনুরোধ করেছি।’ তিনি বলেন, আশা করি তারা সেই কাজটা দ্রুতেই হাতে নেবে, আর তা শুরু করতে পারলে আমাদের বিদ্যুতের অনেক সাশ্রয় হবে। ডিসি সম্মেলনে আমরা আমাদের জ্বালানি এবং বিদ্যুতের যে পরিস্থিতি সেটা তুলে ধরলাম। জ্বালানি মন্ত্রী আরও বলেন, কিছুদিন আগে যে একটি কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল, সেখানে জেলা প্রশাসকরা প্রো-অ্যাকটিভ রোল প্লে করেছে। তাদের সহযোগিতায় আমরা সেই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পেরেছি। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছি, আমাদের বিদ্যুৎ এবং জ্বালানির যে পরিস্থিতি, সেটার সম্বন্ধে তাদের অবহিত করেছি ও বলেছি, এই ব্যাপারে তাদের সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করা সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্টে স্থান পেয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই আলোচিত ‘বালিশ কাণ্ডের’ দুর্নীতির প্রতিবেদন। ২০১৯ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘গ্রিন সিটি’ আবাসিক ভবনে আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী কেনাকাটায় অস্বাভাবিক মূল্য নিয়ে ‘বালিশ কাণ্ড’ দুর্নীতি সামনে আসে। প্রতিটি বালিশ কেনায় ৫,৯৫৭ টাকা এবং তা ওপরে তোলার খরচসহ অন্যান্য সামগ্রীতে কোটি টাকার জালিয়াতি হয়। প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অডিট রিপোর্ট পেশ করেছেন, সেখানে বালিশ কাণ্ডের তদন্ত প্রতিবেদনও আছে।’ প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী প্রতিবেদনে প্রতিটি বালিশের একরকম অবিশ্বাস্য দাম শুনে সিএজিকে বলেছেন, এই দামি বালিশের একটি জাদুঘরে রাখা উচিত। মঙ্গলবার (৫ মে) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমানে কাছে ২০২১-২২ অর্থ বছরের অডিট রিপোর্ট পেশ করেছেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। ‘বালিশ কাণ্ড’ দুর্নীতির ওই প্রকল্পে আবাসিক ভবনের জন্য ১৬৯ কোটি টাকার কেনাকাটায় পদে পদে দুর্নীতি হয়। সেখানে প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয়েছে ৫ হাজার ৯৫৭ টাকা। আর প্রতিটি বালিশ আবাসিক ভবনের খাটে তোলার মজুরি দেখানো হয়েছে ৭৬০ টাকা। কভারসহ কমফোর্টারের (লেপ বা কম্বলের বিকল্প হিসেবে ব্যবহৃত) দাম ধরা হয়েছে ১৬ হাজার ৮০০ টাকা। যদিও এর বাজারমূল্য সাড়ে ৪ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ১৩ হাজার টাকা। একইভাবে বিদেশি বিছানার চাদর কেনা হয়েছে ৫ হাজার ৯৩৬ টাকায়। এর বাজারমূল্য অবশ্য ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা। অডিট রিপোর্ট পেশকালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগেও বলেছি, এখনও বলছি— আমরা চেষ্টা করব আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী চলমান জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনা পর্বের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসকরা কিছু পরামর্শ দিয়েছেন, আমরা সেই পরামর্শগুলো গ্রহণ করেছি। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, আমরা মূল যে কথাটা বলতে চেয়েছি— স্থানীয় সরকার হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটা হচ্ছে বেসিক তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন সবসময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র শক্তিশালী হবে। তিনি বলেন, আমরা তাদের আরেকটা কথা বলার চেষ্টা করেছি যে, জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে। আমাদের সরকারের বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যে কর্মসূচিগুলো নিয়েছেন, সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যারা দায়িত্বে রয়েছেন, তারা সেই কাজগুলো বাস্তবায়ন করবেন। মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে— জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। কারণ, জনগণই হচ্ছে এই দেশের মালিক। সামগ্রিকভাবে যেটা দেখেছি— গত ১৬ বছরে স্থানীয় সরকারের কমিউনিকেশনের জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে, ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেসব দুর্নীতির তদন্ত করব। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি যাতে না ঘটে, সেটাও আমরা দেখব। তিনি আরও বলেন, আমরা মনে করি— এই ধরনের সম্মেলন প্রত্যেক বছর অত্যন্ত প্রয়োজনীয়। সরকারের জেলা পর্যায়ের যারা কর্মকর্তা, তাদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের মতবিনিময় যেটা হয়, সেটা অত্যন্ত ভালোভাবে কাজে দেয়। ভবিষ্যতে সেটা যেন আরো বাড়ানো যায়, সেটাও আমরা বলছি।
বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সচিবালয়ে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেনের সঙ্গে এক বৈঠকে আন্তর্জাতিক তহবিলে উল্লেখযোগ্য হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সাক্ষাৎকালে তারা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও কেবল মানবিক দিক বিবেচনায় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। বাংলাদেশের বিদ্যমান আর্থ-সামাজিক ও ভূ-প্রাকৃতিক বাস্তবতায় ক্যাম্পের আয়তন বৃদ্ধি করা অনেক কঠিন। সমস্যা সমাধানে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। বৈঠকে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং ইসরাইল-ইরানের মতো বৈশ্বিক ইস্যুগুলোর কারণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ব সম্প্রদায়ের নজরের বাইরে চলে না যায়। তিনি রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনার মূল এজেন্ডায় রাখতে জাতিসংঘ ও ইউএনএইচসিআর-কে আরো জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান। আগামী ২০ মে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরণার্থী সংক্রান্ত ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ উপস্থাপনা অনুষ্ঠানে মন্ত্রীকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান ইউএনএইচসিআর প্রতিনিধিরা। সাক্ষাৎকালে ইভো ফ্রেইসেন নতুন পোর্টফোলিওতে দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানান। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন প্রমুখ।
তিন দিনের সরকারি সফরে আজ (মঙ্গলবার) চীন গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বেইজিং সফর। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে ৫ থেকে ৭ মে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরকালে ড. খলিলুর রহমান ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক ক্ষেত্র, পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনায় দুই দেশের উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকাগুলোর সম্ভাব্য সমন্বয়ের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো এবং দু’দেশের জনগণের মধ্যে বিনিময় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। চীন সরকার জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। দুই দেশের মধ্যকার ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের’ কাঠামোর আওতায় পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস বৃদ্ধি, বিভিন্ন খাতে বিনিময় ও বাস্তবমুখী সহযোগিতা জোরদার করা এবং উচ্চমানসম্পন্ন বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে আরো শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছে চীন। সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তাবায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে এবং অনেক মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত। তিনি উল্লেখ করেন, মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ মানুষকে নিজ পকেট থেকে দিতে হয়। ফলে অসুস্থতা এখনো দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ। ঢাকা-১৭ এলাকার মানুষের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, কড়াইল, ভাষানটেক, সাততলার মানুষ এই শহরকে সচল রাখে। পোশাকশিল্প, নির্মাণ... সবখানে তাদের শ্রম। অথচ তারাই সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। আমাদের লক্ষ্য এসব এলাকার মানুষ যাতে আর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন। তিনি বলেন, নিম্নআয়ের মানুষের বড় একটি অংশ প্রায় ৪২.৬ শতাংশ মানুষ প্রতিদিনের স্বাস্থ্য সমস্যার সমাধান খুঁজতে স্থানীয় ফার্মেসির ওপর নির্ভর করেন, যা ঝুঁকিপূর্ণ। তারা অসুস্থ হওয়ার সুযোগ পায় না কারণ অসুস্থতা মানেই আয় বন্ধ। স্থানীয় স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অনেক মানুষ এখনো জানেন না, তাদের কাছেই এমন একটি হাসপাতাল আছে, যেখানে তারা সেবা পেতে পারেন। এই তথ্য তাদের কাছে পৌঁছে দিতে হবে। আমরা চাই, এই এলাকার কেউ আর চিকিৎসা থেকে বঞ্চিত না থাকুক। এখানকার স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে। কারণ আমরা বিশ্বাস করি, স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। এদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে ৫০ শয্যার আইসিইউ ইউনিটের পাশাপাশি প্যাথলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলিভার সেন্টারের উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান। উদ্বোধনের পর তিনি আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে এ কথা জানান তিনি। জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। গতকাল বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রথম অধিবেশন আসলে ব্যর্থ হয়েছে। এ বিষয় কি বলবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো সবই পুরোনো অভিযোগ, আজ নতুন নয়। এখন একজন বিরোধীদলীয় চিফ হুইপ তার মতামত উনি দিতেই পারেন। আমরা আমাদের বক্তব্য দিয়েছি। তিনি বলেন, ইতিহাসের মধ্যে সবচেয়ে সফল অধিবেশন ছিল এই অধিবেশন। দীর্ঘ ১৭ বছর পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই পার্লামেন্ট। এই পার্লামেন্টের প্রথম অধিবেশন ছিল সবচাইতে লাইভলি, ভাইব্রেন্ট। এই পার্লামেন্টের কন্ট্রিবিউশন ছিল ইতিহাসের মধ্যে সবচাইতে বেশি। সবচাইতে বেশি আইন প্রণয়ন হয়েছে এই পার্লামেন্টে। ‘সবচাইতে বেশি বিতর্ক না হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিতর্ক হয়েছে এই পার্লামেন্টে। এখানে পজিশন ছিল, অপজিশন ছিল। সবার বক্তব্য ছিল, কিন্তু ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা কোনো কোনো সময় বিরোধীদল এবং সরকারি দল মিলে একসঙ্গে কমিটি করেছি, সেটা জাতি দেখেছে এবং জাতীয় ইস্যুগুলোতে আমরা একসঙ্গে কথা বলেছি ঐক্যবদ্ধ হয়েছি।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকতেই পারে বিরোধীদল এবং সরকারি দলের মধ্যে। সেই মতবিরোধগুলো তারা প্রকাশ করেছে। আমরা আমাদের মত দিয়েছি। এই বিতর্কটা হবেই। দ্বিমত এবং ভিন্নমত প্রকাশ করার জন্যই এই গণতন্ত্র। সুতরাং তার বক্তব্য তিনি দিয়েছেন। আমার বক্তব্য আমি দিলাম। তিনি বলেন, যেহেতু অন্তবর্তীকালীন সরকার নির্বাচিত প্রতিনিধি ছিলেন না, তখন হয়ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল না। কিন্তু দেশে এখন নতুন নির্বাচিত সরকার এসেছে। আমরা আইনানুগভাবে সবকিছু দেখার চেষ্টা করছি। তিনি আরও বলেন, মায়ানমারের যেসব নাগরিক বাস্তচূত হয়েছে তাদের ম্যানেজমেন্ট ও ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছি। মাদকদ্রব্য চোরাচালান সহ মাদকের সরবরাহ বন্ধ করতে সেগুলো নিয়ে কীভাবে সমন্বিতভাবে কাজ করতে পারি সে বিষয়ও আলোচনা হয়েছে৷
ফেরিঘাটে যাত্রী না নামিয়ে ফেরিতে বাস ওঠালে চালকের লাইসেন্স নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহার ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অতীত অভিজ্ঞতা যা বলে তা থেকে শিক্ষা নিয়ে আমরা কিছু অনুশাসন পেয়েছি। আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব ফেরিঘাটে সাইনবোর্ড দেওয়া হবে, মাইকিং করা হবে যেন যাত্রীদের নামিয়ে ওঠানো-নামানো, এই দুটি এনশিওর করা হয়। তিনি বলেন, যদি কোনো বাসচালকের গাফিলতি থাকে তাহলে তার লাইসেন্স নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা বাসমালিক এবং শ্রমিক ফেডারেশনের সঙ্গে মিটিং করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি সেখানে তাদের অনুরোধ জানাবেন এটা যেন বাস্তবায়ন করা যায়। সভায় নেওয়া সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, সড়কের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন যেসব ট্রমা সেন্টার আছে, সেগুলো কার্যকর করতে হবে। সিভিল সার্জনের নেতৃত্বে সেখানে ইকুইপমেন্টসহ ডাক্তার, নার্স যা জরুরি তা থাকবে। নিকটবর্তী উপজেলা হাসপাতাল এবং জেলা হাসপাতাল বা অন্যান্য হাসপাতাল যেগুলো আছে সেগুলো আমরা সাতদিন আগ থেকে ওয়েল প্রিপেয়ার্ড করব, যেন কোনো রকমের যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা অ্যাড্রেস করা যায় ইমিডিয়েটলি। তিনি বলেন, আমরা যেন ব্যবস্থা নিতে পারি সেজন্য সাতদিন আগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স একটা মনিটরিং সেল করবে। সেই মনিটরিং সেলের মাধ্যমে আমরা মহাসড়কে সার্কিট ক্যামেরা যেখানে আছে সেখান থেকে দৃশ্য পাব। তিনি আরও বলেন, আমরা ইনফরমেশন যেন জেলা পর্যায় থেকে মহাসড়কের আশপাশে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে সবসময় মনিটরিং করতে পারি। সেই সঙ্গে ল’ অ্যান্ড অর্ডার যেন আমরা কন্ট্রোল রাখতে পারি। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হতে পারে।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনা করে। সে কারণে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হলেও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে বলে সরকার মনে করে। সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় ভারতের সঙ্গে চলমান বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ নবায়নের সময় ঘনিয়ে এসেছে এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে বিষয়টি নিয়ে কাজ করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানিবণ্টনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে বাংলাদেশ আশাবাদী মনোভাব নিয়ে এগোচ্ছে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। ভারতের ভিসা ইস্যু প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বর্তমানে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। সম্প্রতি উচ্চপর্যায়ের সফরে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, শিগগির ট্যুরিস্টসহ সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। এতে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও গতিশীল হবে
পুলিশের ১৭ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। রোববার (৩ মে) মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন। অবসরপ্রাপ্তদের মধ্যে ১৬ ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হলেন— ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ (অ্যান্টি টেরোরিজম ইউনিট), ডিআইজি ইমতিয়াজ আহমেদ (হাইওয়ে পুলিশ), ডিআইজি মো. হাবিবুর রহমান (সিআইডি), ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর (পুলিশ অধিদপ্তর), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ, ডিআইজি এস এম আখতারুজ্জামান (পুলিশ স্টাফ কলেজ), ডিআইজি হায়দার আলী খান (কমান্ড্যান্ট, পিটিসি, নোয়াখালী)। ডিআইজি মো. মাহবুব রহমান ভূইয়া (কমান্ড্যান্ট, পিটিসি, খুলনা), ডিআইজি রুহুল আমিন (ট্যুরিস্ট পুলিশ), ডিআইজি মো. রফিকুল হাসান গনি (হাইওয়ে পুলিশ), ডিআইজি মো. মিজানুর রহমান (পুলিশ অধিদপ্তর), ডিআইজি মো. মজিদ আলী (সিআইডি), ডিআইজি কাজী জিয়া উদ্দিন (পুলিশ অধিদপ্তর)। ডিআইজি মো. গোলাম রউফ খান (রেলওয়ে পুলিশ), ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার (কমান্ড্যান্ট, পিটিসি, রংপুর) ও ডিআইজি রাখফার সুলতানা খানম (হাইওয়ে পুলিশ)। আরেকজন সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ও রেলওয়ে পুলিশ সুপার ফারহাত আহমেদ।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য (এমপি) শপথ নিয়েছেন। রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শপথ পাঠ করান। এর আগে গত ৩০ এপ্রিল তাদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র একজন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন—সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। জামায়াত জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম। এ ছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন। অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গতকাল শনিবার বৈধ ঘোষণা করা হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তিনি শপথ নিতে পারেননি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায়ে দীর্ঘ ১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলার তদন্তে জট খুলতে শুরু করেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানাতে প্রধানমন্ত্রী ঈদের দিন আমাকে ফোনে মেসেজ (বার্তা) পাঠান। সে অনুযায়ী পরবর্তীতে তাঁকে বিস্তারিত জানানো হয়। শনিবার (২ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচি এই সভার আয়োজন করে। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায়েই সুদীর্ঘ দশ বছর পর এ মামলার জট খুলতে শুরু করেছে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেফতারও করা হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে মামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের কারণে ঈদের পর প্রথম কর্মদিবসে তার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অগ্রগতির বিষয়ে সবিস্তারে জানানো হয়। তিনি আরও বলেন, বিষয়টি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত হিসেবে বিবেচিত হলেও আইন মন্ত্রণালয়ও এ বিষয়ে তৎপরতা অব্যাহত রেখেছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দীর্ঘ ১০ বছরেও যে কাজগুলো করা হয়নি, সেগুলোর অনেকগুলোই প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা দ্রুত সম্পন্নের উদ্যোগ নিয়েছি। এক থেকে দুই মাসের মধ্যেই এসব বাস্তবায়ন করা হবে। এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে পরিচালিত ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং তা নিরসনের কার্যকর উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে এ পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা এবং জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির সহযোগী পরিচালক শাশ্বতী বিপ্লব। কনসালটেন্ট হিসেবে সভায় গবেষণা পর্যবেক্ষণ উপস্থাপন করেন প্রাক্তন জেলা ও দায়রা জজ উম্মে কুলসুম। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট (জেএটিআই)-এর কর্মকর্তারা, সুপ্রিম কোর্টের আইনজীবী, সাংবাদিক এবং ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারীরা।
তথ্য সরবরাহের চেয়ে তথ্যকে নিজের মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গণমাধ্যম বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করতে পারলে অপতথ্যকে প্রতিহত করা সম্ভব বলে মনে করেন তিনি। শনিবার (২ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া ঝুলেছিল। এখন তা পুনরায় চালু করা হচ্ছে। গণমাধ্যমই জনগণের প্রত্যাশাকে জীবন্ত রাখতে পারে। তথ্য হচ্ছে পানি, তা ধারণ করার জন্য বিভিন্ন রঙের গ্লাস থাকে। কিন্তু কে কোন রঙের পাত্রে রেখে জনগণকে দেখাবেন সেটিই প্রশ্ন। সিভিলাইজেশনের জন্য ফ্রি ইনফরমেশন ও ক্লিন ইনফরমেশন জরুরি উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য সরবরাহের চেয়ে তথ্যকে নিজের মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, ‘স্বাধীন গণমাধ্যম তৈরি সরকারের দায়িত্ব, এক্ষেত্রে সরকার অঙ্গীকারবদ্ধ। তবে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য বড় চ্যালেঞ্জ স্টেকহোল্ডারদের একত্রিত করা। যাদের সহযোগিতায় মুক্ত এবং দায়িত্বশীল গণমাধ্যম তৈরি সম্ভব।
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজে যোগ দেওয়ার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ বিষয়ে একটি বার্তা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ভিজিটর ভিসায় (বি১/বি২ ভিসা) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যায়; যেমন, চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থান করে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়। এর আগে দূতাবাস জানিয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন- এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।
‘নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ’— এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি চাই তোমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে। তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি সবাইকে খেলাধুলা করতে হবে। রাষ্ট্র ও সরকার তোমাদের পাশে আছে। ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে তোমরাই। আমাদের সময় প্রায় শেষ। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকেই এগিয়ে নিতে হবে। তোমাদের মধ্য থেকেই একদিন বড় খেলোয়াড় হবে, বড় মানুষ হবে, নেতা হবে, প্রধানমন্ত্রী হবে। খুদে ক্রীড়াবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের অনুষ্ঠানের... আজকের এই নতুন কুড়ি স্পোর্টস অনুষ্ঠানের... চিফ গেস্ট কারা? কারা বলেছি আমি? এই যে গ্যালারিতে ছোট বন্ধুরা বসে আছো তোমরা হচ্ছে আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট। এর আগে, বিকেল ৩টা ৪০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলে ৫টা ৮ মিনিটে ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। একই সঙ্গে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা। শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ-গালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর।
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোববার (২ মে) বেলা ৩টা ৪০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হন এবং বিকেল ৫টার দিকে ক্রীড়াঙ্গনের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। একই সঙ্গে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা। শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ-গালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর। এর আগে সকাল ১০টায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। সিলেটে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহ জালাল (র.) মাজারে যান। মাজার জিয়ারতের পর সিলেটের সুরমা নদীর তীরে চাঁদনী ঘাটে যান। সেখানে সিটি করপোরেশনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনসহ বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত সুধি সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, সারা দেশের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্যপদ পূরণের লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বৃহ স্পতিবার (৩০ এপ্রিল) কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামীর এমপি মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কর্মপরিকল্পনায় উল্লেখিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ-সংক্রান্ত সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। শূন্যপদের সঠিক তথ্য সংগ্রহ এবং নিয়োগের অধিযাচন (রিকুইজিশন) দ্রুত পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহে এরইমধ্যে পত্র পাঠানো হয়েছে। মো. আব্দুল বারী জানান, দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকেলে নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বিএনপির শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বলেন, শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের আমরা ১০ হাজার ঋণ মওকুফ করেছি। কৃষকদের কার্ডের বিষয়েও কাজ চলছে। তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ শ্রমিক ভাইদের পাশাপাশি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবে শ্রমিক দলের যে ৭২ জন সদস্য প্রাণ হারিয়েছেন, আজ এই দিনে আমি সেই সব বীর শহীদদের গভীর শ্রদ্ধারসঙ্গে স্মরণ করছি। বিগত সরকারের দমন-পীড়নের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আজ আমরা এখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি। কিন্তু মাত্র কয়েক বছর আগেও এই রাজপথ ও আশেপাশের পরিবেশ ছিল আতঙ্কগ্রস্ত। বিএনপি বা এর অঙ্গ-সংগঠনগুলো যখনই কোনো কর্মসূচির আয়োজন করত, তখনই স্বৈরাচারের বাহিনীর হামলার আশঙ্কায় আমাদের তটস্থ থাকতে হতো। সেই ভীতিকর পরিস্থিতি নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। তিনি আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট এ দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে। বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমরা দেখেছি, শুধু শ্রমিক, ছাত্র, শিক্ষক বা নারীরাই নন, বরং এ দেশের প্রতিটি খেটে খাওয়া মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ছিনিয়ে নেওয়া হয়েছিল মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার। আর লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল দেশের অর্থনীতিকে। সেই বঞ্চনা আর শোষণের হাত থেকে মুক্তি পেতেই ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করেছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।